চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ২২:৩৬ পিএম
উদ্ধার পিস্তল ও গুলি। প্রবা ফটো
সরকার পতনের দিন গত ৫ আগস্ট জনরোষে নিহত চাঁদপুরের সমালোচিত ‘বালুখেকো’ সেলিম খানের লুণ্ঠিত পিস্তলটি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৯ এম এম পিস্তলসহ ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাপদি একটি বাড়ির রাস্তার পাশে বাঁশবাগান থেকে এ পিস্তল উদ্ধার করা হয়।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে উদ্ধারকৃত মালামাল লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. সেলিম খানের লুণ্ঠিত পিস্তল ও গুলি নিশ্চিত হয়েছি।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর উল্লেখিত পিস্তল উদ্ধারের এলাকায় গণপিটুনিতে নিহত হন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। এর আগে তাদের সঙ্গে থাকা একটি শটগান থানায় জমা হয়েছে।