লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ১৯:২০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১৯:৪৭ পিএম
লোহাগাড়ার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাসে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় বন্য মাদি হাতিটি। প্রবা ফটো
সর্বোচ্চ চেষ্টার পরও চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য মাদি হাতিটিকে বাঁচানো সম্ভব হলো না।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা গেছে।
চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে এলিফ্যান্ট ওভারপাস (রেললাইনের ওপর দিয়ে হাতি পারাপারের পথ) এলাকায় একটি ট্রেনের ধাক্কায় মাদি হাতিটি গুরুতর আহত হয়।
জানা যায়, কক্সবাজার স্পেশাল ট্রেন অভয়ারণ্যের ভেতর নির্মিত এলিফ্যান্ট ওভারপাস পার হওয়ার পর রেললাইনের ওপর উঠে পড়ে একদল বন্য হাতি। ট্রেনের গতি কম থাকায় সব হাতি রেললাইন অতিক্রম করতে পারলেও একটি মাদি হাতি ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়। এতে হাতিটি গুরুতর আহত হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি টিমের তত্ত্বাবধানে ঘটনাস্থলে মাদি হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা চলছিল।
মঙ্গলবার সকালে হাতিটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সেটি মারা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকালে এখানে আনার পর হাতিটির চিকিৎসা চলছিল। ট্রেনের ধাক্কায় হাতির মাথায়, পায়ে ও মেরুদণ্ডে আঘাত লাগে। আঘাত গুরুতর হওয়ায় বাঁচার সম্ভাবনা কম ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তবুও...’