ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ২০:৫৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ২২:১২ পিএম
পাবনার ঈশ্বরদীতে টিসিবির কার্ড বণ্টন করা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর বিকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মিলন বিশ্বাস, রাজিব মোল্লা ও রাব্বি মোল্লা। রাজিব ও রাব্বি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লার ছেলে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে বিএনপি-জামায়াত নেতাদের যৌথ সিদ্ধান্তে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে টিসিবির কার্ড বিতরণের সিদ্ধান্ত হয়। বুধবার জামায়াতের স্থানীয় নেতা আকরাম হোসেনসহ কয়েকজন তাদের লোকজনের নামে টিসিবির কার্ড বরাদ্দ ঠিক আছে কি না দেখতে ইউপি পরিষদে আসেন। এ নিয়ে সেখানে উপস্থিত বিরু মোল্লার সঙ্গে তারা কথা বলেন। একপর্যায়ে ইউপি সচিবের কক্ষের মধ্যেই তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ ঘটনার কিছুক্ষণ পর বিএনপির ও জামায়াতের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। সেখানে গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
লক্ষ্মীকুণ্ডা ইউপি সচিব মিজানুর রহমান খোকন বলেন, ১০-১২টি মোটরসাইকেলের বহর নিয়ে একদল যুবক ইউনিয়ন পরিষদের সামনে এসে গুলিবর্ষণ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন।
লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রঞ্জু বিশ্বাস বলেন, বিএনপি নেতা বিরু মোল্লা ও সদ্য জামায়াতে যোগ দেওয়া আকরাম হোসেনের মধ্যে কথাকাটাকাটির পর তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিএনপি নেতা বিরু মোল্লা বলেন, আকরাম হোসেন কিছুদিন আগেও আওয়ামী লীগ করতেন। এখন জামায়াতে যোগ দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। জামায়াত নেতা আকরাম হোসেন বলেন, বিরু মোল্লার লোকজনই প্রথমে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।
ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, টিসিবির কার্ড নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।