সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪ ১৩:২৯ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪ ১৩:৪৩ পিএম
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ আলমগীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মুহিবুর রহমানের আইনজীবী আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতসূত্র জানান, আদালতে তোলার পর মুহিবুর রহমানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। মামলার মূল নথি দায়রা জজ আদালতে থাকায় জামিন শুনানি ১৫ অক্টোবর ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আইনজীবী আবদুল হামিদ বলেন, ‘মুহিবুর রহমানকে গ্রেপ্তার করে আজ আদালতে তোলা হয়েছে। সেখানে আমরা জামিন আবেদন করি। সংশ্লিষ্ট আদালত না থাকায় তার জামিন হয়নি। ৪ আগস্টের ঘটনায় তাকে অযথাই মামলার আসামি করা হয়েছে। মিথ্যাভাবে তার ওপর মামলা করায় তিনি হয়রানির শিকার হয়েছেন। তিনি গুরুতর অসুস্থ থাকায় তার চিকিৎসার ব্যবস্থা করা এবং কারাগার আইন অনুযায়ী তাকে মর্যাদা দেওয়ার জন্য আদেশ হয়। তিনি পাঁচবারের এমপি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমরা ১৫ তারিখ তার জামিন আবেদন করব।’
এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে সুনামগঞ্জে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, গুলি, টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্র-জনতা আহত হয়। ওই ঘটনায় ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে মামলায় গ্রেপ্তার করা হয় এম এ মুহিবুর রহমান মানিককে।