শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০:২১ পিএম
আগুনে পাশের একটি বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুরে এলপি বহনকারী একটি ট্যাংকারের লিকেজ মেরামতের সময় গ্যাস ছড়িয়ে আগুন লেগে তিন নারী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। অপর দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের শ্রীপুর-রাজাবাড়ী সড়কের দেওয়ান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন বাঘেরহাট জেলা সদরের এমদাদুল হকের স্ত্রী হেলেনা আক্তার, লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার বনচৌকি গ্রামের শামসুল হকের স্ত্রী হালিমা আক্তার এবং হাবিবের স্ত্রী রিতা আক্তার। তারা স্থানীয় মোহাম্মদ আলী দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া।
গুরুতর অবস্থায় দগ্ধ হালিমা আক্তারকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। বাকি দুইজন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, দেওয়ান বাড়ির সামনে (নজরুলের ওয়ার্কশপের পাশে) এলপি গ্যাসের একটি ট্যাংকার রাখা ছিল। আজ সকাল ১০টার দিকে স্থানীয়রা ওই ট্যাংকারের লিকেজ থেকে গ্যাস বের হতে দেখে বিষয়টি কোম্পানির লোকদের জানান। দুপুরের দিকে লোকজন এসে ট্যাংকারের মেরামত কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে পাশের বাড়ির তিন নারী দগ্ধ হন।
তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়াও হয়।
চিকিৎসক রুচি বলেন, দগ্ধদের মধ্যে হালিমা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে এ হাসপাতালেই ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, গ্যাস একটি ঝুকিঁপূর্ণ দাহ্য পদার্থ। ওই কোম্পানির দায়িত্বহীনতার কারণে এমনটি ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।