চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৫ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৭ পিএম
ছবি ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ, বিমান ও সেনাবাহিনী, কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে জাহাজটিতে কীভাবে আগুন লাগল তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিদিনের বাংলাদেশকে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘বেলা ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নেভাতে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ছয়টি টিম যুক্ত করা হয়েছে। বর্তমানে আটটি টিম কাজ করছে। এখনও আগুন নেভানো যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।’
বাংলার জ্যোতি রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ। বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ডলফিন জেটিতে পরিবহনের কাজে নিয়োজিত ছিল।