খুলনা অফিস
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৯ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৩ পিএম
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছন, গণমাধ্যম খুঁজে খুঁজে প্রকৃত তথ্য তুলে ধরেছে বলে ছাত্র-জনতার আন্দোলন সফল হয়েছে। ভুল তথ্য সরবরাহ করে কোনো সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। তথ্যই হলো একটি পরাশক্তি। সঠিক তথ্য প্রকাশ না পেলে অনিয়ম-দুর্নীতির গাছপালা জ্যামিতিক হারে বাড়তে থাকে। তাই নির্ভুল তথ্য প্রকাশে সবাইকে আন্তরিক হতে হবে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’। স্লোগান ছিল ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার’। অনুষ্ঠানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, স্থানীয় সরকার বিভাগের পরিচালক তবিবুর রহমান, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাংবাদিক শেখ দিদারুল আলম, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদির, সচেতন নাগরিক কমিটির সদস্য রিনা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার, মানবাধিকার কর্মী মিজানুর রহমান ও শেখ আব্দুল হালিম।
বক্তারা বলেন, বিগত দিনগুলোতে রাষ্ট্রীয়ভাবে তথ্য কুক্ষিগত রাখার একটি সংস্কৃতি চালু হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে এই সংস্কৃতি থেকে রাষ্ট্র বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী। স্বল্প সময়ের মধ্যে তথ্যের আবেদনকারী যাতে দ্রুত তথ্য পেতে পারেন তার উদ্যোগ নেওয়া জরুরি। আমরা চাই তথ্য আরও উন্মুক্ত হোক।