× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা কেউ রাজনীতি করতে আসিনি, রাজনীতিতে থাকবও না: উপদেষ্টা ফারুক-ই-আজম

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২০:৩৭ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ২০:৩৯ পিএম

আমরা কেউ রাজনীতি করতে  আসিনি, রাজনীতিতে থাকবও না: উপদেষ্টা ফারুক-ই-আজম

আমরা কেউ রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতিতে থাকবও না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।  শুক্রবার (৩০ আগস্ট) রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা কেউ রাজনীতি করতে আসিনি, রাজনীতিতে থাকবও না। যতদিন আছি পুরো জিনিসটাকে নানান আঙিকে প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাব। যাতে পুলিশ আর যেন না ভাবে পুলিশ আর জনগণের মধ্যে পার্থক্য নেই। কিংবা সরকারি কর্মকর্তা আর জনগণের মধ্যে পার্থক্য নেই। আমরা সব জায়গায় সংস্কারের উদ্যোগ নিয়েছি। সব সংস্কারগুলো সম্পন্ন হলেই আমরা চলে যাব। আপনারা আমরা সবাই মিলে এবার দেশটাকে ভিন্ন আঙিকে দেখব এবং দেশের দায়িত্ব নিয়ে কাজ করব। আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই, আগের অবস্থায় ফিরে যেতে চাই না।

তিনি আরও বলেন, মানুষের সেবা করার সুযোগ বার বার আসে না। মানুষের সেবা করার উপরে অন্য আর কিছু নেই। প্রজাতন্ত্রের কর্মচারী এবং সাধারণ মানুষ আমরা সবাই এক। আমাদের ভিন্নতা কোনো কিছুই নাই। আমাদের এখানে যা কিছু অন্যায় অবিচার ছিল আমরা বুকের রক্ত দিয়ে অতিক্রম করে আসছি। 

বাংলাদেশের মতো শ্রেষ্ঠ একটা দেশ আর নেই উল্লেখ করে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে আসছে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমাদের রিসোর্সের অভাব নেই। অনেক রকমের প্রতিষ্ঠান আছে তারা কাজ করতে আগ্রহী। দেশ আমাদের সবার, তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। এমন দেশ পৃথিবীতে আর একটাও নাই। এই দেশকে আমরা নানান কারণে দরিদ্র করে রেখেছি। সব থেকে বড় বিষয় হলো আমাদের মানসিক দারিদ্রতা। আমরা এটা কাটাই উঠতে চাই।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা বলেন, নোয়াখালীতে পানি নিষ্কাশনের সমস্যা থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়েছে। নোয়াখালী জেলায় জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে অবৈধভাবে খাল দখল। কিছু মানুষ অবৈধভাবে খাল দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ ও দোকান পাট নির্মাণ করছে। কতিপয় অবৈধ দখলদারদের কারণে জেলার লক্ষ লক্ষ মানুষ দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকায় জেলায় গো-খাদ্যের অপ্রতুলতা দেখা দিয়েছে। এছাড়াও শিশু খাদ্য, শুকনা খাবার, প্রসূতি মায়ের চিকিৎসায় ব্যাঘাত ঘটছে।

মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, বর্তমানে পানিবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। এসময় ভ্রাম্যমান ক্লিনিক গঠন করে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করা জরুরি হয়ে পড়ছে। বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, বেবি ফুড ও মেডিসিনের সরবরাহ বৃদ্ধি করতে হবে। অসাধু ব্যাবসায়ীরা যাতে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। 

এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শারমিন আরা, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা