খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪ ১২:১৩ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪ ১৩:১৫ পিএম
নিয়োগ বাণিজ্য, আর্থিক অসঙ্গতিসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে শোকজ করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকালে ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়ে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি মো. তাজ উদ্দিন।
কারণ দর্শানো নোটিস পাওয়া প্রতিষ্ঠানপ্রধানরা হলেন টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায়, কাচিনীয়া মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল হাই, গোলাম রহমান শাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মালেক, আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর রায়, মাগুরমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতীন্দ্রনাথ রায় ও কাচিনীয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের নানা অসঙ্গতির অভিযোগে তাদের পদত্যাগের দাবিতে বিগত কয়েক দিন পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা।
ইউএনও মো. তাজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয় প্রতিষ্ঠানপ্রধানকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তাদের জবাব যাচাইবাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সব শ্রেণির মানুষের সহযোগিতা চান এই কর্মকর্তা।