× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে শেখ হাসিনা ও শাহরিয়ার আলমের বিরুদ্ধে অপহরণ মামলা

রাজশাহী অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪ ১৫:৪৫ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৪ ১৫:৪৯ পিএম

রাজশাহীতে শেখ হাসিনা ও শাহরিয়ার আলমের বিরুদ্ধে অপহরণ মামলা

রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার বাবা শামসুদ্দীনসহ ৫৪ জনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার রাজশাহীর বাঘা থানায় মামলাটি করেন।

মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

প্রধান আসামি করা হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করা হয়েছে ২ নম্বর আসামি।

মামলার অন্য আসামিরা হলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিএস সিরাজুল ইসলাম ও জাকির হোসেন, চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট পৌরসভার সাবেক মেয়র একরামুল হক, বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী প্রমুখ।

এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে অন্য আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় ২০২৩ সালের ২১ মে বেলা দুইটার দিকে বাঘা নতুন বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে ছাত্রদল নেতা সালাউদ্দিন আহম্মেদকে হত্যার উদ্দেশ্যে দেশি অস্ত্র ঠেকিয়ে ও চোখমুখ বেঁধে তুলে নেওয়া হয়। সেখান থেকে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরদিন তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলবার ঠেকিয়ে গুলি করা হয়। তার পায়ের তিনটি নখ উপড়ে দেওয়া হয়। পাশাপাশি মানসিক নির্যাতন চলতে থাকে। ২৮ মে মিথ্যা মামলা দিয়ে ঢাকার আদালতে তাঁকে চালান দেওয়া হয়।

বাদী শামীম সরকার বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আরও অনেককেই এভাবে তুলে নিয়ে গিয়ে গুম এবং খুন করা হয়েছে। আইনের প্রতি বিশ্বাস রেখে এই মামলাটি করেছি। আশা করি ন্যায় বিচার পাব।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা