বন্যাকবলিত বেগমগঞ্জ
নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ২২:৪০ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪ ২২:৪১ পিএম
প্রতীকী ছবি।
নোয়াখালীর বেগমগঞ্জে বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে দুই লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) বিকালে বেগমগঞ্জ পৌরসভায় এবং আমানউল্লাহপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের সমামুর গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে মো. ইব্রাহিম এবং চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া থানার হাশিমপুর গ্রামের আমির হোসেনের ছেলে জাকির হোসেন।
মো. ইব্রাহিম বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজার জোনাল অফিসে এবং মো. জাকির হোসেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চৌরাস্তা অফিসে কর্মরত ছিলেন।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা কেউই স্বাভাবিক নেই। এমন ঘটনা আমাদেরকে মর্মাহত ও অশ্রুসিক্ত করেছে। দুইজন সহকর্মীর মৃত্যুতে আমাদের সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের জানাজা পড়ে আমরা চির বিদায় দিয়েছি।’
জাকির হোসেন আরও বলেন, আমাদের নোয়াখালীর মানুষ বন্যা পরিস্থিতি এভাবে উপলব্ধি করেনি। এই সময় বিদ্যুৎ সংযোগ দিলে গ্রাহকের ক্ষতি হতে পারে। কিন্তু মানুষজন অফিসে এসে অমানবিক আচরণ করে। তারা বিদ্যুৎ সংযোগ সচল করতে চাপ দেয়। আমি জানি লাইন সচল হলে প্রাণহানি ঘটতে পারে। এই বিপর্যয় দ্রুত কেটে যাক। আল্লাহ যেন আমাদের সকলের ওপর সহায় হয়।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান বলেন, ‘ইব্রাহিম ও জাকিরসহ বন্যায় নোয়াখালী জেলায় মোট সাতজন নিহত হয়েছেন। তারমধ্য চারজন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। আর তিনজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন।’