নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ১২:১১ পিএম
মো. আব্দুর রহমান। ফাইল ফটো
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত মো. আব্দুর রহমান কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বীরকোট পশ্চিমপাড়ার মো. গিয়াস উদ্দিনের ছেলে। গিয়াস উদ্দিন উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল বলেন, বাড়িতে বন্যার হাটু পানি। পানিবন্দি মানুষজন গিয়াস উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। পারিবারিক প্রয়োজনে সকালে গিয়াস উদ্দিন বাড়ি থেকে বের হয়। তার ছেলে বাবাকে খুঁজতে পেছন পেছন আসতে থাকে। যদিও তিনি বিষয়টি টের পাননি। এরপর অনেক খোঁজাখুঁজি করলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশেই তার মরদেহ ভেসে উঠে।
কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গিয়াস উদ্দিনের সন্তানের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি নিজের বাড়িতে প্লাবিত মানুষদের ঠাঁই দিয়েছেন। কিন্তু একমাত্র সন্তানের মৃত্যু আমাদের কেউই মেনে নিতে পারছিনা। আমাদের অভিভাবকদের এই বন্যায় সতর্ক থাকা দরকার।