চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪ ১৯:১৪ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪ ১৯:৫৮ পিএম
কারাগার থেকে বেরিয়ে এলে আসলাম চৌধুরীকে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। ছবি : সংগৃহীত
আট বছর পর কারামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন কারাগারে ছিলেন আসলাম চৌধুরী। জামিনের সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়েছে।
জানা যায়, ২০১৬ সালের ১৬ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে, বিএনপি নেতা আসলাম চৌধুরীর কারামুক্ত হওয়ার খবরে অনেক নেতাকর্মী চট্টগ্রাম জেলা কারাগারের গেটে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে আসলাম চৌধুরীর গলায় ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। পরে তিনি সেখান থেকে গাড়ির বহর নিয়ে নিজ বাড়ি সীতাকুণ্ডের উদ্দেশে রওয়ানা হন। এ সময় অসংখ্য নেতাকর্মীদের দেখা যায়।
বিএনপি নেতা আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম বলেন, ৭৬টি রাজনৈতিক মামলায় মো.আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দি রাখা হয়েছিল। এর মধ্যে ৭৫টি মামলার জামিন হয়েছিল। কিন্তু ২০১৩ সালে ঢাকার কোতোয়ালি থানার রাজনৈতিক মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও ২০২১ সালে গ্রেপ্তার দেখিয়ে মুক্তি প্রক্রিয়া আটকে যায় আওয়ামী লীগ সরকার। ২০২২ সালের ৫ জানুয়ারি ওই মামলায় মহামান্য হাইকোর্ট জামিন দিলেও তৎকালীন রাষ্ট্রপক্ষের চেম্বার জজে আপিল করে জামিন স্থগিত করে রাখা হয়। পরে ১৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়েরকৃত আপিল খারিজ করে দিয়ে সদ্য সাবেক স্বৈরশাসকের কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।