ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৮:২২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৮:৫৫ পিএম
প্রতীকী ছবি।
ভোলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মো. সালাউদ্দিন মাঝি (৩৬) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নদীতে পড়ে তার ছেলে মো. শাহিন (১১) নিখোঁজ রয়েছে। এ ছাড়াও এ ঘটনায় মো. লিটন মাঝি নামে আরও একজন আহত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বিকাল ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন মাঝি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ারহাট বেড়িবাঁধ এলাকায় মো. আব্দুর রশিদ মাঝির ছেলে।
নিহতের চাচাতো ভাই মো. হারুন মাঝি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালাউদ্দিন মাঝি, তার ছেলে শাহিন ও স্থানীয় লিটন মাঝি বিকালের দিকে ওই এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে নামেন। হঠাৎ বজ্রপাত হলে সালাউদ্দিন মাঝির গায়ে লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
এ ছাড়া বজ্রাঘাতে নদীতে পড়ে নিখোঁজ হন শাহিন ও আহত হন লিটন মাঝি। পরে স্থানীয় জেলেরা সালাউদ্দিন মাঝির মরদেহ ও আহত লিটন মাঝিকে তীরে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ৫টা) শাহিনকে খুঁজে পাওয়া যায়নি।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।