সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ০০:১৬ এএম
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাবেকি এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সদস্য এম আকবর আলীকে দল থেকে বহিষ্কার চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
রবিবার (১৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে অবস্থিত বিএনপির স্থায়ী কমিটির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিণী ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহামুদের কাছে আকবর আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেন দলীয় নেতাকর্মীরা।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন আজাদ বলেন, উল্লাপাড়ার সাবেক এমপি আকবর আলী আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে বর্তমানে বিভিন্ন প্রোগ্রাম করছেন। উপজেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় না করেই এসব প্রোগ্রাম করা হচ্ছে। দলের দুর্দিনের নেতাকর্মীদের পাশ কাটিয়ে চিহ্নিত আওয়ামী লীগদের নিয়ে আকবর আলী রাজনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা করছেন। তাই তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি।
জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বলেন, সাংগঠনিকভাবে দলের সিদ্ধান্ত দেওয়া হবে। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করে সমস্যার সমাধান করব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ফয়সাল শিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, সদস্য সচিব আল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলামসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।