চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১৮:৪৩ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪ ১৯:০৩ পিএম
ভুয়া পরিচয়ে জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক)।
তিনি বলেন, ‘যারা সত্যিকার মুক্তিযোদ্ধা নয়; তাদের চলে যেতে হবে। ভুয়া পরিচয় দিয়ে জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে।’
শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে ছাত্র সমন্বয়ক এবং প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে যারা সুবিধা ভোগ করছেন তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবেন প্রশ্নে এ উপদেষ্টা বলেন, আমরা সব যাচাই-বাছাই করে দেখছি বাস্তবিক অর্থে কী হয়েছে। পরে যারা সত্যিকার অর্থে বীর মুক্তিযোদ্ধা ছিলেন তারা থাকবেন, আর যাদের সত্যতা মিলবে না তাদের বাতিল করা হবে। প্রতারণার আশ্রয় নিয়ে তারা এতদিন রাষ্ট্রের ভাতাও ভোগ করেছেন। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার জন্য তাদের শাস্তিও ভোগ করতে হবে।’
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং বিভিন্ন উপজেলার প্রকল্প কর্মকর্তাদের (পিআইও) সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন।
উপদেষ্টা ফারুক-ই-আজম সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে নির্দেশনা দিয়েছেন। সভা শেষে তিনি নগরীর কোতোয়ালি থানা পরিদর্শন করেন এবং দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে যান। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গেও একটি বৈঠক করেন।