× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তীকালীন সরকার

মেয়াদ নিয়ে নানা মত

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪ ১৪:৪৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কিশোরগঞ্জের নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে নানা মত ব্যক্ত করেছেন। সত্যিকার অর্থে সংস্কার ও দেশের সার্বিক মঙ্গল এবং উন্নয়ন করতে হলে বর্তমান এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিনের পক্ষে মত দিয়েছেন অনেকে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বদরুল হুদা বলেন, রাজনৈতিক দলগুলো মানুষের আস্থা হারিয়েছে। তা ছাড়া একদল অন্যদলকে সহ্য করতে পারে না। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায়, কোনো রাজনৈতিক দলই সততা ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। দেশকে সত্যিকার অর্থে সংস্কার করতে হলে সব খাতে হাত দিতে হবে। যোগ্যতা ও সততার মাপকাঠিতে প্রতিটি বিভাগ, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে দক্ষ লোকদের বসাতে হবে এবং তাদের দ্বারাই পূর্ণাঙ্গ সংস্কার করে সাধারণ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাই তিনি মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কম করে তিন বছর হলে ভালো হয়। 

আইনজীবী আবুল কাসেম বলেন, রাজনৈতিক দলগুলোতে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা নেই। নেই পরমতসহিষ্ণুতা। ফলে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রাজনৈতিক দলগুলো স্বৈরাচারী হয়ে ওঠে। দমন পীড়নে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো অত্যাচারিত হয়। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়। এসব সার্বিক বিষয় সংস্কারসহ দেশকে এগিয়ে নিতে হলে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ন্যূনতম কয়েক বছরের সুযোগ দিতে হবে। 

কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি বলেন, সার্বিক প্রেক্ষাপটে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষের সামনে যা দৃশ্যমান হয়েছে, তাতে রাজনীতিবিদদের প্রতি মানুষের নেতিবাচক প্রভাব পড়েছে। তা ছাড়া সাধারণ মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে কোনো দল ক্ষমতায় আসুকÑ তা চায় বলে মনে হয় না। সংস্কারের মাধ্যমে রাজনীতিতে সুবাতাস ফিরে আসুকÑ এমনটিই চায় সাধারণ জনগণ। তিনি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বর্তমান পরিস্থিতিতে দীর্ঘ হোক।

জেলার রাজনীতি বিশ্লেষক আইনজীবী নাসির উদ্দীন ফারুকী বলেন, সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে এত বছর পরও আমরা আমাদের মূল বিষয়গুলো নিয়ে মতানৈক্যে আছি। জাতির পিতা, ১৫ আগস্ট, স্বাধীনতার ঘোষকÑ এসব বিষয়ে ঐকমত্য না হলে জাতি হিসেবে সব সময় আমাদের মধ্যে অনৈক্য থেকে যায় বলেই বারবার আমরা পিছিয়ে পড়ি। এসব বিষয়ও অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রেখে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সব কাজ করতে হলে সরকারকে তো সময় দিতেই হবে। 

কমিউনিস্ট পার্টির জেলার সভাপতি মো. আবদুর রহমান বলেন, সংস্কার দ্রুত সময়ে হওয়া দরকার। কারণ রাজনীতিবিদরাই দেশ চালাবে। গণতন্ত্র এটাই বলে। সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা