চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪ ২৩:১২ পিএম
ভোলার চরফ্যাশনে মসজিদ থেকে ডেকে নিয়ে প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ আগস্ট) বিকালে আসরের নামাজ পড়তে গেলে এ হামলার ঘটনা ঘটে। ডাক চিৎকার শুনে মুসুল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এম আমির হোসেন জানান, বিকালে বাসা সংলগ্ন মসজিদে আসরের নামাজ পড়তে যান। নামাজরত অবস্থায় দুর্বৃত্তরা মোবাইল ফোনে একাধিক কল দেন। নামাজ শেষে আবারও কল দিয়ে তিনি কোথায় আছেন জানতে চান। তার অবস্থান নিশ্চিত করে মসজিদের সামনে অর্তকিত হামলা চালিয়ে জখম করেন। পরে মুসুল্লিরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধরে তার মাথায় আঘাত লাগে ও একটি হাত ভেঙে যায়। তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বত্তরা।
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ কর্মরত সাংবাদিকরা। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওয়াতায় আনার দাবি জানান।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে গিয়ে আহত সংবাদিকের জবানবন্দি নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’