× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক মো. ইমন

অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফুটপাথ দখলমুক্ত করতে হবে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ০১:০৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক মো. ইমন|

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক মো. ইমন|

আগামী মঙ্গলবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে না। এ ছাড়া আন্দোলনের সময় ছাত্র-জনতাকে লক্ষ করে প্রকাশ্যে গুলি ছোড়া সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনা এবং ফুটপাথ দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানানো হয়েছে চট্টগ্রামের সমন্বয়কদের পক্ষ থেকে। 

গতকাল রবিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ ইমন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে আলাপকালে এসব দাবি জানিয়েছেন। চট্টগ্রামে আন্দোলনের সময় গঠিত কমিটিতে সমন্বয়ক করা হয় ৭৫ জনকে। তাদেরই একজন মোহাম্মদ ইমন। সমন্বয়কদের মধ্যে কাউকে প্রধান করা হয়নি, ভবিষ্যতে নেতৃত্বে জটিলতা তৈরি হতে পারে এমন আশঙ্কায়। এখন চট্টগ্রামের সমন্বয়করা এলাকাভিত্তিক শিক্ষার্থীদের টিম নিয়ে কাজ করছেন। মো. ইমন দায়িত্বপালন করছেন কোতোয়ালি থানা এলাকায়। 

আলাপকালে ইমন বলেন, ছাত্র আন্দোলনের সময় নিরীহ শিক্ষার্থীদের ওপর পুলিশ সদস্যরা গুলি চালিয়েছে। এখন পুলিশকে বিজ্ঞপ্তি জারি করে নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে ছাত্র-জনতাকে লক্ষ করে আর গুলি ছুড়বে না। গত ৪ আগস্ট পুলিশের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সন্ত্রাসীরা প্রকাশ্যে নিউমার্কেট এলাকায় হামলা চালিয়েছে। হামলাকারীদের ভিডিও ফুটেজ এবং ছবি ছাত্রদের কাছে আছে। এখন ওই অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। অস্ত্র উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনো অবস্থাতেই অস্ত্রধারীদের ছাড় দেওয়া যাবে না। 

জনস্বার্থ বিবেচনা করে এই সমন্বয়ক বলেন, কোতোয়ালি থানা এলাকাসহ মহানগরীর সব ফুটপাথ দখল হয়ে আছে। ফুটপাথ ও সড়কে অস্থায়ী বাজার বসিয়ে দৈনিক লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এখন চাঁদাবাজদের উৎখাত করে ফুটপাথ সাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এই অভিযানে প্রয়োজনে ছাত্র-জনতা প্রশাসনকে সহযোগিতা করবে। 

নিজের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ইমন বলেন, আদালত চত্বরে আন্দোলনের দিন আমি নিজেও আটক হয়েছিলাম। ওইদিন একদল আইনজীবীর মধ্যে যারা লাঠিসোটা হাতে নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় ছাত্ররা আগামীকাল মঙ্গলবার থেকে আর কাজ করবে না জানিয়ে এই সমন্বয়ক বলেন, মহানগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় অন্তত ২৫টি টিম কাজ করছে। হাজার হাজার শিক্ষার্থী মাঠে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে। এখন ছাত্রদের ক্লাসে ফেরার সময় হচ্ছে। তাই মঙ্গলবার থেকে ছাত্ররা আর ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবে না। ট্রাফিক ব্যবস্থাপনা আগের মতোই পুলিশের তত্ত্বাবধানে পরিচালনা করার অনুরোধ জানাচ্ছি। 

মহানগরবাসীর নিরাপত্তায় বৈষম্যবিরোধী ছাত্রনেতারা সদা প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, নাগরিকভিত্তিক নিরাপত্তা কমিটিতে ছাত্রদের প্রধান্য দিতে হবে। এ ছাড়া বান্ডেল রোড, হাজারী গলির মন্দির, ডিসি হিলের পাশের বৌদ্ধমন্দির এবং প্রবর্তক ইসকন মন্দিরের নিরাপত্তায় ছাত্ররা কাজ করেছে। এখন থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন এই সমন্বয়ক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা