ভাঙ্গুড়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ২০:১৬ পিএম
পাবনার ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক। প্রকাশ্যেই চলছে মাদক সেবন। মরণ নেশায় জড়িয়ে পড়ছে কিশোর-তরুণ ও বয়স্করা। ফলে প্রতিনিয়ত বাড়ছে নানান অপরাধ। এতে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। পুলিশের দাবি, মাদক নির্মূলে চেষ্টা চলছে।
সূত্র জানায়, উপজেলায় প্রায় ১৫ জন মাদকের বড় ডিলার রয়েছেন। যারা বিভিন্ন মহল ম্যানেজ করে উপজেলায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন। যাদের মাধ্যমে ভাঙ্গুড়া পৌর সদরসহ উপজেলার অর্ধশতাধিক স্পটে মাদক বিক্রি করছেন।
এর মধ্যে রয়েছে পৌর সদরের ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ড, বড়াল ব্রিজ মাছ বাজার, কালীবাড়ি বাজার, পালপাড়া, আদর্শ গ্রাম, সারুটিয়া রেলগেট, জগাতলা বাজার, বড়াল ব্রিজ রেলস্টেশন, উপজেলাসংলগ্ন রেললাইনপাড়া, উপজেলার সদর ইউনিয়নের চড় ভাঙ্গুড়া পূর্বপাড়া, শরৎনগর রেলস্টেশন, কৈডাঙ্গা রেলব্রিজ, অষ্টমনিষা ইউনিয়নে ঝবঝবিয়া পশ্চিমপাড়া, অষ্টমনিষা ঘোষপাড়া, দিলপাশার ইউনিয়নে পাছ বেতুয়ান, দিলপাশার রেলস্টেশন বাজার, মাগুরা, পুঁইবিল বাজার, পাটুলীপাড়া বাজার, পার-ভাঙ্গুড়া গ্রামের সীমান্ত বাদপাড়া, খানমরিচ ইউনিয়নে করতকান্দি, চণ্ডিপুর, মাদারবাড়িয়া, হেলেঞ্চা, মণ্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী টুনিপাড়া, খালপাট বাদপাড়া, সুজাপাড়া ঢালানসংলগ্ন, দিয়ারপাড়া ও গজারমারা। এসব স্থানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মদ, ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক।
বিভিন্ন কৌশলে উপজেলায় ঢুকছে মাদক। এসব কাজে জড়িত বেশ কয়েকজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। যাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। এর মধ্যে অনেকে আটক হলেও জামিনে বেরিয়ে পুনরায় মাদকের কারবার শুরু করেন। মাঝেমধ্যে ছোট মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে থাকেন রাঘববোয়ালরা।
এদিকে মাদকের টাকা জোগাড় করতে সেবনকারীরা জড়িয়ে পড়ছে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে।
স্থানীয়রা বলেন, হঠাৎ করে নানা ধরনের মাদক এলাকায় ছেয়ে গেছে। পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা না নিলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকজন জানান, গত সোমবার পৌরসভার সিএনজি স্ট্যান্ডের অনুষ্ঠানে সিএনজি মালিক সমিতির সভাপতি আ. জাব্বারের নেতৃত্বে চালকরা বিকাল থেকে প্রকাশ্যে মাদক সেবন করে নাচ-গান করছিল। এ সময় খোকন আলী (৪৫) নামে এক সিএনজিচালক ঘটনাস্থলে মারা যান।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মাদকের বিষয়ে ছাড় নেই। চলতি বছরে ৬ মাসে থানায় ১২টি মাদক মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। মাদক কারবারি যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।