× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৪ ২০:৩৬ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৪ ২০:৪৯ পিএম

তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি-জামায়াতের লোকজন সুপরিকল্পিতভাবে সারা দেশে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বিএনপি-জামায়াতের উদ্দেশ্যই ছিল সরকার পতন ঘটানো এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গাজীপুর মহানগরের বাসন থানা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় চান্দনা হাই স্কুল অ্যান্ড কলেজে নাশকতার প্রতিবাদে সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজকেও বিএনপি মহাসচিব বলেছেন শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। বিএনপি মহাসচিব সাহেব পদত্যাগ কেন করতে হবে? শেখ হাসিনা কি হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত? এই আগুন কি উনি দিয়েছেন, না ওনার লোকজন দিয়েছেন?’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা যদি দেশপ্রেমিক দল হয় তাহলে উচিত ছিল রাষ্ট্রের ক্ষতি যারা করেছে, তাদের বিচার হওয়া উচিত। এ কথা তো তিনি একবারও বলেন নাই। এখন পরিষ্কার তাদের ষড়যন্ত্র এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন নয়, এটা রাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এবং অকার্যকর করার জন্য আন্দোলন।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘তারা ঘাপটি মেরে আছে। ঢাকা ও এর আশপাশে শিল্প এলাকায় বিএনপির ভাড়াটিয়া বাহিনী, শিবিরের লোক, জামায়াতের লোক এবং তাদের সন্ত্রাসীরা সুকৌশলে কেউ শ্রমিকের বেশে, কেউ হকারের বেশে, কেউ দিনমজুরের বেশে এসব এলাকায় অবস্থান করছিল। তারা টার্গেট করেই সময়-সুযোগমতো দেশে নাশকতা করার দায়িত্ব পালন করে যাচ্ছে।’

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘গত কয়দিন তারা (বিএনপি-জামায়াত) সুপরিকল্পিতভাবে তাণ্ডবলীলা চালিয়েছে। যারা ছাত্র আন্দোলন করেছিল তারা কিন্তু বার বার বলেছে- এ সমস্ত জ্বালাও পোড়াও এবং নাশকতা সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে এসব করল কারা? এটা মনে করার কোনো কারণ নাই যে, এটা হঠাৎ হয়ে গেছে। ষড়যন্ত্রকারীরা যে এই কাজ করতে পারে এটা ভাবতে না পারার কারণেই তারা এই সুযোগ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর তারেক জিয়া বলেছিল ছয় মাসও সরকার টিকবে না। আমরা তখন হয়তো তার এ কথা বুঝতে পারি নাই। মনে করেছিলাম এটা কথার কথা। তারেক জিয়ার ভয়েস রেকর্ড, কল রেকর্ড সবকিছু গোয়েন্দা সংস্থার কাছে আছে। বিএনপি নেতারা কে কী বলেছেন সেগুলো অন্যান্য বাহিনীর কাছেও রেকর্ড আছে। আমরা বিচারে বিশ্বাস করি। আমরা কখনোই আইন হাতে তুলে নিইনি, নিতে চাই না। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে- কারা কারা বিদেশ থেকে অর্থের জোগান দিয়েছে, কাদের কাছে টাকা আসছে এবং সেই টাকা কাদের কাছে বিতরণ করা হয়েছে সেই স্টেটমেন্টও আছে। তাদের কথোপকোথনসহ অনেক রেকর্ড সরকারের হাতে ইতোমধ্যেই চলে এসেছে। এদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকারও করেছে।’

আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘প্রথম যে ছয়জন ছাত্র মারা গেল, কারা তাদের হত্যা করেছে, কীভাবে হত্যা করা হয়েছে, কাদের গুলিতে মারা গেল— তদন্তে দেশবাসী জানতে পারবে এটা কত বড় ও কাদের ষড়যন্ত্র ছিল। ইতোমধ্যে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে সেই হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। যারাই দোষী হোক, যদি আমরা হই আমাদের শাস্তি হবে। অন্য কেউ হলে তারও হবে। আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাই। তদন্ত চলাকালীন আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা আশাবাদী সঠিক জিনিস বেরিয়ে আসবে, থলের বিড়াল বের হবে। জড়িতদের বিচারের সম্মুখীন হতে হবে।’

বাসন থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা