× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একই গ্রামে মেসি ও নেইমারের বাড়ি!

জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ০৮:২২ এএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৩:১০ পিএম

একই গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো হয়েছে দুটি বাড়ি। ছবি : প্রবা

একই গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার আদলে সাজানো হয়েছে দুটি বাড়ি। ছবি : প্রবা

আসন্ন ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে জামালপুরের ইসলামপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের দুই সমর্থক তাদের বাড়ি রাঙিয়েছেন দুই দেশের পতাকার আদলে। পতাকার পাশাপাশি সেখানে আঁকা হয়েছে দুই দেশের ফুটবল তারকাদের ছবিও।

এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে বাড়ি দুটি, দূরদূরান্ত থেকে অনেকেই বাড়ি দুটি দেখতে আসছেন। স্থানীয়রাও বেশ উৎসাহী কাতার বিশ্বকাপ খেলা নিয়ে।

ফুটবল মানেই উন্মাদনা, উত্তেজনা। বলা হয়, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রতি চার বছর অন্তর ফুটবল বিশ্বকাপের আয়োজন করে ফিফা। এ বিশ্বকাপ খেলা কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ফুটবল দলের সমর্থকরা মেতে ওঠেন ভালোবাসার উচ্ছ্বাসে। কমবেশি প্রায় সবাই সমর্থিত দেশের ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসার প্রকাশ ঘটান নানা কর্মকাণ্ডের মাধ্যমে।

তেমনি ব্যতিক্রমভাবে সমর্থন জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করে সাড়া ফেলে দিয়েছেন ইসলামপুর উপজেলার প্রত্যন্ত চরদাদনা গ্রামের তরুণ দুই ফুটবলভক্ত। এ গ্রামের সৌদিপ্রবাসী শামীম হাসান আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে নিজের বাড়ি রাঙিয়ে তুলেছেন সে দেশের পতাকার আদলে।

ঢেউটিনে গড়া পুরো বাড়িতে শোভা পাচ্ছে আকাশি ও সাদা রং। আর্জেন্টিনা নামের পাশাপাশি আঁকা হয়েছে ফুটবল জাদুকর কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির প্রতিকৃতি।

শামীম হাসানের ‘আর্জেন্টিনা বাড়ি’ দেখে আরেক প্রতিবেশী ব্রাজিলভক্ত মিনহাজ ইসলাম মুন্না তার বাড়ি রাঙিয়ে তোলেন সবুজ-হলুদের মিশেলে। ভবনের দেয়ালে নেইমার ছাড়াও ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে, রোনালদিনহো ও পুরো টিমের সদস্যদের প্রতিকৃতি আঁকা হয়েছে নিপুণ হাতে।

দুটি বাড়িতেই টানানো হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় পতাকা। তবে নিজ দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকাও টানিয়েছেন দুই ফুটবলভক্ত। আর বাড়ি দুটির ডিজাইন ও রঙের কাজটি বিনা পারিশ্রমিকে করে দিয়েছেন ফুটবলভক্ত ইসলামপুর আইডিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ছাত্র স্বপন মিয়া। তার আঁকা বাড়ি দুটি ফুটবলভক্তদের মাঝে সাড়া ফেলায় খুশি তিনি।

তিনি বলেন, খুব অল্প সময়েই সাড়া পড়ে যাওয়ায় দূরদূরান্ত থেকে বাড়ি দুটি দেখতে আসছেন ফুটবলপ্রেমীরা। ইতোমধ্যে বাড়ি দুটি পরিচিতি পেয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের মেসি ও নেইমারের বাড়ি হিসেবে। বাড়ি দুটি ঘিরে দুই দলের সমর্থকসহ স্থানীয়দের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ জন্ম নিয়েছে কাতার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতার লড়াই নিয়ে।

তবে মাঠের চিত্র যা-ই হোক, সব দলের সমর্থকদের একসঙ্গে বিশ্বকাপ খেলা উপভোগ করার প্রত্যাশা করেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা