নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ২১:৫৭ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ২২:০১ পিএম
সমাবেশে আলোচনাকালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ছবি: প্রবা
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশে তেল, আটাসহ সকল জিনিসের দাম বাড়াচ্ছে সরকার। দেশে এখন সমস্ত জিনিসের দাম বেশি। মানুষ বাজারে টাকা নিয়ে যায় ব্যাগ ভরে আর বাজার করে নিয়ে ফিরেন অর্ধেক ব্যাগ ভরে। যা কিনতে যান তা কিনতে পারেন না।’
শুক্রবার বিকালে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গণতন্ত্র মঞ্চ’ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধ করার দাবিতে ৭টি দলের রাজনৈতিক জোট এ সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মান্না বলেন, ‘অনেক মানুষ মাংস খাওয়া, মাছ খাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। অথচ আমরা মাছে-ভাতে বাঙালি। আজকে ক্ষমতায় আছে, তারা বলছিলেন ১০ টাকা করে চাল দিবে। কিন্তু আজ চালের দাম ৮০ টাকা। এজন্য এই সরকার মিথ্যুক ভাওতাবাজ। এই ভাওতাবাজ সরকার এখনও ক্ষমতায় আছে।’
তিনি আরও বলেন, ‘এই যে খেলা নিয়ে এত কথা হয়, এই খেলা শব্দটা কিন্তু আমাদের রাজনীতিতে অনেক ব্যবহার হয়। এই খেলার কথা বলে ক্ষমতাশীনরা যখন মনে করে গায়ের জোর ছাড়া তাদের আর কোনো অবস্থান নাই। অতএব এখানকার সরকারি দল ভোটে জিতবে? জিতবে না। মানুষ ভোট দিবে দিবে না। যতই প্রতিবাদ করেন আপনার কথা কোনো শুনবে না। বরং আপনি সভা করতে যাবেন আপনাকে সভা করতে দিবে না।’
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘মানুষ সভা সমাবেশে এসে বলে আগে যা কামিয়েছি এখন তা অর্ধেক কামাতে পারি না। তা দিয়ে অর্ধেক দিন চলে অর্ধেক দিন চলে না।
‘গণতন্ত্র মঞ্চ এই অবস্থার পরিবর্তন করতে পারবে। আমরা বিশ্বাস নিয়ে এই গণতন্ত্র মঞ্চ তৈরি করেছি। তা আমরা এই অবস্থার পরিবর্তন করব।’