কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১৩:৫৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১৫:০৪ পিএম
কলাতলী ডলফিন মোড়ের বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
কক্সবাজারে ১৯ জনকে আটক করা হয়েছে, যারা পর্যটকদের হোটেল খুঁজে দেওয়ার নাম করে নিম্নমানের রুম দিয়ে অতিরিক্ত টাকা আদায় করছিল বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
শহরের কলাতলী ডলফিন মোড়ের বিভিন্ন স্থান থেকে শুক্রবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
আটকরা হলেন-- জাফর আলম, মো. আব্দুলাহ, মো. ইসমাইল, মো. ইব্রাহীম, নুর আলম, চাঁদ মিয়া, নজু আলম, মো. রুবেল, জুয়েল মিয়া, মো. সাদেকুর, সৈয়দ নুর, সাহিদ, হেলাল উদ্দিন, মো. সাগর, গিয়াস উদ্দিন, সৈয়দ আলম, মো. হোসেন, রবিউল হাসান ও মো. ইমরান।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে এ চক্রের সদস্যরা পর্যটকদের হোটেল খুঁজে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। তারা নিম্নমানের রুম দিয়ে অতিরিক্ত টাকা আদায় করত।
অভিযোগ রয়েছে, পর্যটকদের আপত্তিকর ছবি তুলেও টাকা হাতিয়ে নিত তারা। বিষয়টি সংবাদমাধ্যমে আসার পরই পর্যটক ছদ্মবেশে অভিযান পরিচালনা করে পুলিশ।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এ কাজের সঙ্গে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে বলেও জানান রেজাউল করিম।
/সাদিক/