পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২২:৩৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ২২:৪০ পিএম
বাশঁঝাড়ের পাশে সফলভাবে মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিট। প্রবা ফটো
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উদ্ধার হওয়া একটি মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। রবিবার (১৪ জুলাই) দুপুরে ওই এলাকার একটি বাশঁঝাড়ের পাশে সফলভাবে মর্টারশেলটি ধ্বংস করে সেনাবাহিনীর রংপুর-৬৬ পদাতিক ডিভিশনের ৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিস্পোজাল ইউনিট।
মর্টারশেল নিষ্ক্রিয় করার আগে এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে দূর থেকে ভিড় জমান উৎসুক জনতা।
ডিস্পোজাল ইউনিটের ক্যাপ্টেন রাকিব উদ্দীনের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নেন সেনাবাহিনীর ১২ সদস্যের একটি দল। রাকিব বলেন, মর্টারশেলটি ৫১ মিলিমিটার প্যাকেট বোম্ব। মরিচা পড়ার কারণে মর্টারশেলটি কবে তৈরি, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
২৩ জুন তেতুঁলিয়ার বাংলাবান্ধা বাজারে এক পাথর শ্রমিক মর্টারশেলটি লোহার দণ্ড ভেনে ভাঙারি ব্যবসায়ী আল আমিনের দোকানে নিয়ে আসেন। ওই ব্যবসায়ী দেখে মর্টারশেল সন্দেহ হলে থানা পুলিশে খবর দেন। পুলিশ নিশ্চিত হওয়ার পর এটি দোকানের পেছনে গর্ত করে পুঁতে রাখা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, স্থানীয়দের কাছে পাওয়া মর্টারশেলটি বিজিবি ওই দোকানের বাইরে গর্ত করে সংরক্ষণ করেছিল। এটি আমদানি করা পাথরের সঙ্গে এসেছে বলে ধারণা করা হচ্ছে। সফলভাবেই মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছেন সেনাবাহিনীর সদস্যরা।