নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২১:১৬ পিএম
নরসিংদীতে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার মনোহরদী এবং রায়পুরা উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। শুক্রবার ( ৫ জুলাই) নরসিংদীর মনোহরদী পৌরসভাস্থ হাররদীয়া এলাকায় নিখোঁজের প্রায় ২৬ ঘন্টা পর ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে দেড় বছরের শিশু আয়েশার মরদেহ।
নিহত আয়েশা মনোহরদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাররদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে। অপর দিকে রায়পুরায় পুরাতন ব্রাহ্মপুত্রের শাখা মরানদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মনোহরদীর স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে শিশু আয়েশাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফেসবুকে ছবি সহ পোস্ট দেয় পরিবারের লোকজন। পরে গতকাল সকালে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ধানের জমিতে আয়েশার মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবার এবং থানায় খবর দেয় স্থানীয় এক প্রতিবেশী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আয়েশার মরদেহ উদ্ধার করে।
মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একইদিন বিকালে রায়পুরায় মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর দাইড়ের পাড়া এলাকার ব্রাহ্মপুত্রের শাখা মরানদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আমিরুল শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রায়পুরা থানার ওসি শাফায়েত হোসেন পলাশ, উপ পরিদর্শক ফয়সাল আহাম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া, ইউপি সদস্য আসাদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।