লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২১:৫১ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২২:০৯ পিএম
লক্ষ্মীপুরে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। প্রবা ফটো
নির্বাহী আদেশে কারামুক্ত থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে বিএনপির আন্দোলনে কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এত দিনের সংগ্রামে আমি ব্যর্থতা দেখছি না। এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই।’
বুধবার (৩ জুলাই) বিকালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গোহাটা এলাকায় বশির ভিলা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিন্টু বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করা জরুরি হয়ে পড়েছে। তিনি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন। গণতন্ত্রের অধিকার আদায়ের সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ওতপ্রোতভাবে জড়িত।’
ভোটকেন্দ্রে বিভিন্ন প্রাণী দেখা গেছে মন্তব্য করে এই বিএনপি নেতা আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে মানুষ ভোট দিতে যায়নি। কোনো ভদ্রলোক অবৈধ দুর্বৃত্তায়িত রাজনৈতিক দলকে ভোট দেবে না। জনগণ আওয়ামী লীগকে নির্বাসিত করেছেন। যখন এ সরকারের পতন হবে, আওয়ামী লীগের কোনো লোক খুঁজে পাওয়া যাবে না।’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহসাংগঠনকি সম্পাদক হারুনুর রশিদ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।