প্রবা প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২১:২২ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২৩:০২ পিএম
বরিশাল নগরীতে ডিম মজুদ করার অভিযোগে একটি কোল্ড স্টোরেজ ও ছয় পাইকারি বিক্রেতাকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে পৃথক দুই আইনে জরিমানা করা হয় বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
জরিমানা দেওয়া কোল্ড স্টোরেজটি নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ড স্টোরেজ। পাইকারি বিক্রেতারা হলেন, ফারুক হাওলাদার, ইমাদুল আকন, শহীদুল ইসলাম, মো. মুনসুর ও মো. হাবিব।
ভোক্তা অধিকারের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় এবং বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে নগরীর নিউ হাটখোলা এলাকায় এ আর খান কোল্ড স্টোরেজে অভিযান করেন। তারা ওই কোল্ড স্টোরেজে আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুদ পেয়েছেন। পরে ডিম মজুদকারী পাইকারি বিক্রেতাদের খবর দেওয়া হয়।
এ সময় অবৈধ ডিম মজুদের অভিযোগে ভোক্তা অধিকার আইনে মজুদকারী ছয় পাইকারিকে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হাঁসের ডিম সাত দিন ও মুরগির ডিম তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
কোল্ড স্টোরেজের লাইসেন্স না থাকায় নির্বাহী হাকিম বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহরুখ আলম শান্তনু পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী হাকিম মো. শাহরুখ আলম শান্তনু বলেন, ‘কোল্ড স্টোরেজটি নতুন করা। এখনও লাইসেন্স নেয়নি। তাদের দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করার নির্দেশসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’