কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২০:৩০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২০:৪০ পিএম
প্রতীকী ছবি
টেকনাফের নাফ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদে দমদমিয়া কেয়ারি জাহাজঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।
মৃতরা হলো উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের বাসিন্দা নুর উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন।
পরিদর্শক তপন বলেন, ‘নুর উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নাফ নদে নিয়মিত মাছ ধরত। নাফ নদে কিনারা ঘেঁষে তারা টানা জাল দিয়ে মাছ আহরণ করত। সোমবার সকালে বাবা-ছেলে মিলে প্রতিদিনের মতো মাছ ধরতে যায়। একপর্যায়ে স্রোতের টানে ছেলে রুহুল আমিন ভেসে যায়। এ সময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও ভেসে গিয়ে নিখোঁজ হয় ‘
তিনি বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যার পরও বাবা-ছেলে বাড়িতে ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও সন্ধান পায়নি। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ-পুলিশের কাছে বিষয়টি মৌখিকভাবে অবহিত করে। বুধবার বিকালে নাফ নদে দমদমিয়া কেয়ারি জাহাজঘাটে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।