শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৯:৪০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১৯:৪৭ পিএম
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী। এসময় সেখানে বসবাসকারীদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ-খবর নেন নানা সুবিধা-অসুবিধার। জানতে চান স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিরা তাদের খবরাখবর রাখেন কিনা। এছাড়া বাসিন্দাদের সন্তানেরা নিয়মিত স্কুলে যায় কিনা- চিফ হুইপ জানতে চান সেটিও। এসময় আশ্রয়ণের বাসিন্দারা চলাচলের রাস্তা, সুপেয় পানিসহ কিছু সমস্যার কথা জানালে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক তা সমাধানের নির্দেশ দেন চিফ হুইপ।
জানা যায়, শুক্রবার বিকেলের দিকে হঠাৎ শিবচরের মাদবরচর ইউনিয়নের এই আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান চিফ হুইপ ও সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী। সেখানে ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।
বাসিন্দারা জানান, এসময় তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধাসহ শান্তিশৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নেন চিফ হুইপ। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতারা তাদের খোঁজ রাখেন কিনা জানতে চান। চিফ হুইপকে পেয়ে বাসিন্দারা তাদের চলাচলে রাস্তা, পানি নিষ্কাসনে ড্রেন নির্মাণের প্রয়োজনীয়তা ও টিউবওয়েলসহ কিছু সমস্যার কথা জানান। এসময় দ্রুত রাস্তা, ড্রেন নির্মাণ ও টিউবওয়েল স্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন চিফ হুইপ।
এসময় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের কারণ জানিয়ে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা অতিথি (আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা) তাদের প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা পরিষদ, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ খোঁজখবর রাখেন কিনা- তা দেখতে এসেছি। এখানে বসবাসকারীদের যেন সকল নাগরিক সুবিধা আমরা দিতে পারি তার জন্য দোয়া করবেন।’
তিনি আরও বলেন, ‘‘আশ্রয়ণ প্রকল্প বঙ্গবন্ধুরই কমিটমেন্ট ছিল। বঙ্গবন্ধু সংবিধানে বলে দিয়ে গেছেন সকলের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার ব্যবস্থা করা হবে। বঙ্গবন্ধু হত্যার পর অন্য কোনো সরকার উদ্যোগ নেয়নাই। ৯৬ সরকারের সময় প্রধানমন্ত্রী প্রথম ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ প্রকল্প চালু করে। এর মাধ্যমে আমরা প্রথম ভূমিহীনদের জমি ঘরের ব্যবস্থা করি। পরবর্তীতে দেশের কোথাও যেন ভূমিহীন না থাকে সে লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প হাতে নিয়েছি।’’
চিফ হুইপ বলেন, ‘শিবচরে অনেকগুলো ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কাঠালবাড়ি ইউনিয়নেরটা নদী ভাঙ্গনকবলিত হওয়ায় অন্যত্র সরানো হয়েছে। আমরা এমনভাবে প্রকল্প স্থাপন করেছি, যেখানে থাকার ব্যবস্থার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। একই সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী ছেলে-মেয়েরা শিক্ষার আওতায় আসে সেভাবে এগুলো নির্মাণ করা হয়েছে।’
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা: মো: সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাদবরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।