গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৪ ১৫:১৮ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৪ ১৯:২৫ পিএম
মৃতদের বাড়িতে স্বজনদের আহাজারি ও স্থানীয়দের ভিড়। প্রবা ফটো
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে ফারুক হোসেন ও সোনা মিয়া দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পুরাতন ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নাম স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফারুক হেসেন দক্ষিণ উদখালি গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারি তিন নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজখুঁজির এক পর্যায় আজ সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান বলেন, সকালে স্থানীয়দের খবরে নদীতে ভাসমান অবস্থায় নিখোঁজ ফারুক ও সোনা মিয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা জুয়া খেলায় সম্পৃক্ত ছিলেন। সুরতহাল প্রতিবেদন, পরিবার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং পারিপার্শ্বক তদন্ত শেষে ঠিক কী কারণে ঘটনা ঘটেছে তা জানা যাবে।