মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ২২:২৮ পিএম
কিশোরগঞ্জে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে জেলা শহরের পৌর এলাকার ফিসারি লিংক রোডে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন। নিহত যুবক মো. সাজু মিয়া (২৯) জেলা শহরের আখড়াবাজার এলাকার রুহুল আমিনের ছেলে।
নিহত সাজু মিয়ার ভাই বাদল মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার ভাইকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। জানতে পারি ফিসারি লিংক রোডে একটি কম্পিউটারের দোকানে চুরি হয়। এ চুরির ঘটনায় সন্দেহ করা হয় আমার ভাইকে। বিকালে আমার ভাইকে তারা ফিসারি লিংক রোড এলাকায় নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।’
ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ‘সাজু মিয়ার নামে কিশোরগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে কি কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহর ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রকৃত কারণ জানা যাবে।’