ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৮:৪৩ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ১৯:৩১ পিএম
গাঁজাসহ ফেনীর লালপুল বাসস্ট্যান্ড থেকে মো. হানিফকে বুধবার সকালে আটক করেছে র্যাব। প্রবা ফটো
পর্যটক সেজে ট্রাভেল ব্যাগে ১৫ কেজি গাঁজা নিয়ে চট্টগ্রাম যাওযার পথে মো. হানিফ নামে একজনকে আটক করেছে র্যাব। বুধবার (২৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আটক হানিফ ফেনীর সোনাগাজীর চর চান্দিয়া গ্রামের বাসিন্দা।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়ার্ডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ওই মাদক কারবারি ফেনীর লালপুল বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে ট্রাভেল ব্যাগের ভেতর বিশেষ কৌশলে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, দীর্ঘদিন পর্যটকের ছদ্মবেশ নিয়ে বিশেষ কৌশলে গাঁজা ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।
উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।