নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৮:১২ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১৮:৪১ পিএম
প্রতীকী ছবি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সাপের কামড়ে মাহতাব আলী মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) সকালে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ধর্মপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত কৃষক মাহতাব আলী মন্ডল একই গ্রামের মৃত মোবারক আলী মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে চাষ করা মরিচক্ষেত থেকে বৃষ্টির পানি বের করে দিতে যান মাহতাব আলী। সেখানে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
ওসি রুহুল আমিন বলেন, ঘটনাটি দুঃখজনক। অপমৃত্যু মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।