টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১৮:১১ পিএম
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতের আঘাতে বুলবুল আহমেদ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব।
নিহত বুলবুল আহমেদ একই গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বুলবুল সকালে সুন্না উত্তরকোড় চকে (জমিতে) ধানক্ষেত পরিষ্কার করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাত শুরু হলে বুলবুল বাড়িতে ফেরার জন্য রওনা দেন। রাস্তায় ওঠার আগেই বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আসাদুজ্জামান বলেন, সকালে আমার ভাই ধানক্ষেত পরিষ্কার করতে গিয়েছিলেন। পরে বজ্রপাত শুরু হলে তিনি বাড়িতে ফেরার জন্য রওনা দেন। এ সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। প্রায় এক ঘণ্টা পর খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই নাইকানীবাড়ী আলহাজ হায়দার হামিদ মডেল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তিনি কৃষিজমি আবাদ করে সংসার চালিয়ে আসছিলেন। এখন তার স্ত্রী ও দুই মেয়ে অসহায় হয়ে পড়লেন।