ঈদযাত্রা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৫:২৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১৫:৩৭ পিএম
শুক্রবার সকালে মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকার চিত্র। প্রবা ফটো
ঈদুল আজহা উপলক্ষে অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শুরু আজ থেকে। যার ফলে সকাল থেকেই মহাসড়ক গুলোতে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে কিছু সময় পর পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা খাড়া জোড়া অংশে ঢাকাগামী লেন বন্ধ করে উত্তরবঙ্গগামী যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে।
আজ (১৪ জুন) সকাল থেকেই উত্তরবঙ্গের ২২টি জেলার ঘরমুখো যাত্রী এবং গণপরিবহনের একমাত্র প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে । এছাড়াও মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় সুযোগ বুঝে অধিক ভাড়া আদায়েরও অভিযোগ তুলেছে একাধিক যাত্রী।
পরিবহন সংশ্লিষ্টরা বলছে, গাজীপুরের প্রায় সাড়ে চার হাজার শিল্প কারখানা টানা ছুটি ঘোষণা করায় বৃহস্পতিবার থেকে মহাসড়কের চন্দ্রার এলাকায় যাত্রী এবং গণপরিবহনের চাপ বেড়েছে আগের তুলনায় কয়েকগুণ।
উত্তরবঙ্গগামী কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, গণপরিবহন গুলো আগের তুলনায় কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় করছে। এমন পরিস্থিতে বাড়তি ভাড়ার হাত থেকে বাঁচতে নিন্মআয়ের অনেকেই পশুবাহী ফিরতি ট্রাক ও পিকআপে চড়ে গন্তব্যে রওনা হচ্ছে বলে জানান তারা।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সব শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গ গামী লেনে যাত্রী ও গণপরিবহনের অনেক চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত এ এলাকায় অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, উত্তরবঙ্গগামী লেনে গণপরিবনের চাপ বেড়েছে। উত্তরবঙ্গগামী লেনের যানবাহন গুলো দ্রুত ঢাকা থেকে বের করে দিতে ঢাকাগামী লেনটি কিছু সময় পরপর বন্ধ করা হচ্ছে।