মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৬:৫১ পিএম
নাতি সোহেল মিয়ার কাঁধে ভর করে ভোট দিলেন শতবর্ষী মিশ্রি মিয়া। প্রবা ফটো
১১৫ বছর বয়সি মিশ্রি মিয়া। বয়সের ভারে নিজে নিজে তেমন হাঁটতে পারেন না। তবে এই বয়সেও নাতির কাঁধে ভর করে কেন্দ্রে এসে ভোট দিলেন শতবর্ষী এই বৃদ্ধ।
বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাজিতপুর সরকারি কলেজ ১ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দিয়ে বের হওয়ার পর এক ঝলক তৃপ্তির হাসি দিতে দেখা যায় শতবর্ষী এই মানুষটির মুখে।
মো. মিশ্রি মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পূর্ব রাবারকান্দি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
মো. মিশ্রি মিয়ার স্বজনরা জনান, বার্ধক্যজনিত কারণে তিনি চোখে ঝাপসা দেখেন এবং কানে শুনতে পান না। কথাও বলতে পারেন না ঠিক মতো। হাঁটা-চলা করতে অন্যের সহযোগিতা নিতে হয় তার। ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় নাতি কাঁধে করে ভোট দিতে নিয়ে আসে।
পূর্ব রাবারকান্দি গ্রামের আমিরুল ইসলাম বলেন, ‘আমার বাবা ১২০ বছর বয়সে ৫ বছর আগে মারা গেছেন। মিশ্রি কাকা আমার বাবার বন্ধু ছিলেন। সে হিসেবে তার বয়স এখন ১১৫ বছর। তিনি আমাদের এলাকার সবচেয়ে বয়স্ক ব্যক্তি।’
নাতি সোহেল মিয়া বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই দাদা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেন। ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করেন। তার এই ইচ্ছা পূরণে বেলা সাড়ে ১১টার দিকে ভোটকেন্দ্রে নিয়ে আসি। নিজের পছন্দেও প্রার্থীকে ভোট দিতে পেরে বড় খুশি তিনি।’
দেখা গেছে, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়তে থাকে। নির্বাচনি এলাকায় তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মিশ্রি মিয়া বলেন, ‘ভোট দেওয়া আমার কাছে একটি আনন্দের ব্যাপার। আর এই আনন্দ আমি প্রতিবারই উপভোগ করি। ভোট দিতে আমার অনেক ভালো লাগে। তাই আমি অনেক কষ্ট করে হলেও ভোট দিতে এসেছি। ভোট দিয়ে অনেক ভালো লেগেছে।’
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ রাশেল শেখ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা চেষ্টা করছি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য।’
বাজিতপুর সরকারি কলেজের কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার কমল রঞ্জন দাস প্রতিদিনের বাংলাদেশকে জানান, বৃদ্ধ ও পঙ্গু ব্যক্তিরা ভোটকেন্দ্রে এলে কর্মরত আনসার সদস্য ও পুলিশ সদস্যরা তাদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করেন।
বাজিতপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৫৭০ জন মোট ভোটকেন্দ্র ৮৫ টি মোট চেয়ারম্যান প্রার্থী ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন মহিলা সদস্য প্রার্থী ৩ জন।