কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪ ০৯:৩০ এএম
আপডেট : ০৪ জুন ২০২৪ ১০:৫৮ এএম
দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রবা ফটো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের পেছনে অন্য কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে ভাই। মঙ্গলবার (৪ জুন) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সহোদর চালক মো. সাগর ও সহকারী বেলাল হোসেন। তারা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়ায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। পরে অন্য গাড়ির সহায়তা চেয়ে চালক সাগর ও বেলাল তাদের কাভার্ড ভ্যানটি সচল করতে চাইলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ওই গাড়িটিকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মাঝে চাপা পড়েন তারা। এতে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’