নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৮:১১ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ১৯:১৪ পিএম
নরসিংদীর পলাশ উপজেলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আব্দুল মঈন খান। প্রবা ফটো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘সরকার যতই গলাবাজি আর অস্বীকার করুক, তারাই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।’
বুধবার (২৯ মে) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার চরনগর্দীস্থ বিএনপি কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
মঈন খান বলেন, ‘যারা সরকার পরিচালনা করছে তারা জনগণের তোয়াক্কা করে না। এজন্যই তৃতীয় ধাপেও সরকারের পাতানো প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ।‘
পলাশ উপজেলা এবং ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে চরনগর্দীস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে তিনি এতিম শিশুদের মাঝে গণভোজ বিতরণ করেন।