কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ০৯:২০ এএম
আপডেট : ২১ মে ২০২৬ ১৭:০৯ পিএম
কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইটি উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত
দেশের দুর্যোগপ্রবণ জেলা কুড়িগ্রামে বিপুলসংখ্যক মানুষের জন্য দ্রুত রান্না করা খাবার সরবরাহের লক্ষ্যে একটি বিশাল কড়াই স্থাপন করেছে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’। এটি বিশ্বের সর্ববৃহৎ কড়াই বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কড়াইটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বিশাল আকৃতির এই কড়াইটির ব্যাস ৩১ ফুট ৬ ইঞ্চি এবং গভীরতা প্রায় সাড়ে চার ফুট। ২২টি চুলার সমন্বয়ে তৈরি এই রান্না ব্যবস্থায় একসঙ্গে প্রায় এক লাখ মানুষের খাবার রান্না করা সম্ভব। একবার রান্নায় ব্যবহার করা যাবেÑ প্রায় ৭ টন চাল, ৩ টন সবজি, প্রায় ৮০০ লিটার ভোজ্য তেল এবং প্রায় দেড় টন ডালসহ বিভিন্ন ধরনের মসলা।
ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, বিশেষ নকশা ও শক্তিশালী ধাতব কাঠামো ব্যবহার করে কড়াইটি তৈরিতে প্রায় দুই মাস সময় লেগেছে। দুর্যোগকবলিত এলাকায় দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ত্রাণমন্ত্রী বলেন, কুড়িগ্রামে প্রতি বছর বন্যা ও নদী ভাঙনের কারণে এখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেক সময় খাদ্য সংকট দেখা দেয়। বিদ্যানন্দের এই উদ্যোগ দুর্যোগকালীন মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ।