প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২২:২৯ পিএম
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পরপর আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের সময় ছয়তলা ‘রাজ কমপ্লেক্সের’ দোতলায় কার্পেট গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার পরপর আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর পর ভবনের ছাদে আশ্রয় নেওয়া চারজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে কোনো জানালা না থাকায় দেয়াল ভাঙতে হয়েছে।