প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২০:৩১ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২০:৪৫ পিএম
আগুন লাগা ভবনটির দ্বিতীয় তলায় জানালা না থাকায় উদ্ধার তৎপরতা বেগবান করতে দেয়াল ভাঙতে হচ্ছে ফায়ার সার্ভিসের। প্রবা ফটো
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার পর তাদের উদ্ধার করা হয়।
এদিকে ভবনটির দ্বিতীয় তলায় জানালা না থাকায় উদ্ধার তৎপরতা বেগবান করতে দেয়াল ভাঙতে হচ্ছে ফায়ার সার্ভিসের।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টার পর পর আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ৬টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে আরও ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি এই ফায়ার কর্মকর্তা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। উদ্ধার তৎপরতা চালাতে অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।