প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৬:২৭ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৬:৪৮ পিএম
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ধরনের ঘটনা এড়াতে বাণিজ্যিক ও আবাসিক ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণের জোর তাগিদ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।
শুক্রবার (১ মার্চ) সকালে দেশের বাইরে অবস্থান করা বাংলাদেশ ব্যাংকের এ সাবেক গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, ‘বিদেশে থাকলে এমনিতেই দেশের জন্য মন আনচান করে। গতকাল রাতে ঢাকাবাসীর জন্য হৃদয়বিদারক একটি খবর অপেক্ষা করছিল তা আমরা কেউ জানতাম না। রাতের অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন, আল্লাহপাক তাদের জান্নাতবাসী করুন। তা ছাড়া সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। একই সঙ্গে ঢাকার সব বাণিজ্যিক ও আবাসিক ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণে জোর তাগিদ দিতে হবে এখনই। বার বার একইরকম মৃত্যু মেনে নেওয়া আমাদের জন্য খুবই বেদনাদায়ক।’
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫৬ মিনিটে। পরে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, আনসার, র্যাব ও এনএসআই। ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।