প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৬ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৪ এএম
মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়ে হালকাচালের বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। ছবি : সংগৃহীতে
ঋতুচক্রে শীত শেষ হয়ে দেশে এখন বসন্ত। এ সময় মৃদুমন্দ আবহাওয়া থাকার কথা থাকলেও আজ মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিন দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শুরু হয়ে হালকাচালের বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বাড়তে পারে রাতের তাপমাত্রা।
পূর্বাভাসের তথ্যমতে, মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে।
বুধবারও ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।