প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১১:৫৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৫৫ পিএম
রাজধানীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। প্রবা ফটো
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ডাকা আজকের মহাসমাবেশকে
কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। রাজধানীতে পরিবহন
খুব একটা দেখা যাচ্ছে না, মহাসড়কগুলো ফাঁকা।
ঢাকা-নারায়নগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরানীগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও
চট্টগ্রাম রুটে এমন চিত্র দেখা যাচ্ছে।
রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথে
তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই এ তল্লাশি চলছে।
পুলিশের তল্লাশি চৌকিতে উপযুক্ত কারণ দেখিয়ে মাঝে মধ্যে দুই
একটি অটোরিকশা ও প্রাইভেটকার নগরীতে প্রবেশের অনুমতি পাচ্ছে। এরই মধ্যে সদরঘাট, আমিনবাজারসহ বিভিন্ন চেক পোস্ট
থেকে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাস চলাচল বন্ধ প্রসঙ্গে সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কায় মালিক-শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।