প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৯ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৬ এএম
আইনজীবী ভুবনচন্দ্র শীল। সংগৃহীত ছবি
এক সন্ত্রাসীর ওপর অন্য সন্ত্রাসী গ্রুপের হামলার সময় মাথায় গুলিবিদ্ধ পথচারী আইনজীবী ভুবনচন্দ্র শীল ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুবন শীলের চিকিৎসার বিল বাবদ ২ লাখ ২২ হাজার ৩১৯ টাকা পপুলার হাসপাতাল কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়েছে।
সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আশা পাল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন সব সময় ভুবনের পাশে থাকবে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ২২ সেপ্টেম্বর ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভুবন, মাথায় অস্ত্রোপচার রাতে’ শীর্ষক একটি সংবাদ সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার এবং কো-চেয়ারম্যান আনিস আহমেদের দৃষ্টিগোচর হয়। এরপর ভুবনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
ভুবনের স্ত্রী রত্না শীল এবং আত্মীয় পলাশ মজুমদার ফাউন্ডেশনকে জানান, আইসিইউতে ভুবনের প্রতিদিন চিকিৎসা বাবদ ৭৫ হাজার টাকা প্রয়োজন হচ্ছে। আর অস্ত্রোপচারের জন্য তাদের জোগাড় করতে হয়েছে আরও ১ লাখ ৫৫ হাজার টাকা। তা ছাড়া হাসপাতালে বকেয়াও রয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বকেয়া বিল পরিশোধ করা হয়েছে।