প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৯ পিএম
তামাকজাত পণ্য ব্যবহারে প্রতিদিন ৪৪২ জন প্রাণ হারাচ্ছে। প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ বাংলাদেশে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে, বিশেষ করে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে হলে সংশোধিত ধূমপান এবং তামাক ব্যবহার নিয়ন্ত্রণ আইনটি দ্রুত পাশ করিয়ে বাস্তবায়ন করতে হবে। চলতি সংসদ অধিবেশনেই এ আইন পাসের দাবি জানাবেন বলে জানান গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
সোমবার (৪ সেপ্টেম্বর) প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নারী মৈত্রী আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন।
মেহের আফরোজ চুমকি বলেন, স্বস্তায় আমাদের দেশের মাঠে ঘাটে কাজ করা কৃষক ভাইয়েরা কাজের ফাঁকে তামাক খান। মজ্জাগত অভ্যাস হঠাৎ করে বন্ধ করে দিলেই হবে না। এতে দেখা গেল তাদের কাজের গতি কমে গেছে। তাই তামাক খাওয়ার পরিবেশ বন্ধ করতে হবে।
পদ্মাসেতুতে অর্থায়ন করার সাহস পেয়েছি আমরা। স্বাস্থ্যখাতে যদি আমাদের ব্যয় একটু কম হয় সেই টাকাটা বাঁচিয়ে এসব উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারি।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, প্রতি বছর ১ লাখ ৬১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। তামাকের কারণে যেসব রোগ হচ্ছে সেই রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে অনেক পরিবার দেউলিয়া হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তামাকের কারণে সরকার বছরে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি। সভায় উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান নাছিমা বেগম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খোন্দকার।