প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২০:১৬ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ২০:৫৪ পিএম
নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক ফারাহ্ বিলকিস।
রাজধানীর রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তার সিন্ডিকেট নিয়ে প্রতিবেদন করায় নাগরিক টিভির এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে হাতিরঝিল জিডিটি করেন নাগরিক টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক ফারাহ্ বিলকিস।
জিডিতে ফারাহ উল্লেখ করেন, ২৩ ও ২৪ আগস্ট রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার অনুসারীদের নিয়ে প্রতিবেদন সম্প্রচার করি। প্রতিবেদন করার সময় রাজারবাগ পীরের অনুসারীরা তাদের ফুটেজ নিতে বাধা দেয়। প্রতিবেদনটি সম্প্রচার যেন না হয় সেজন্য তারা আমার অফিসেও যায়। কিন্তু আমি প্রতিবেদনটি সম্প্রচার করি। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে তাদের নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। তখন প্রতিবেদনটি সরিয়ে নিতে রাতের বেলা আমার অফিসে আসে। অফিস প্রতিবেদনটি সরিয়ে নেয়। তাদের বিরুদ্ধে প্রতিবেদন করা হলেই মামলা করাসহ নানাভাবে হয়রানি করতে পারে বলে আতঙ্কবোধ করছি। এ ছাড়া প্রতিবেদনটি প্রকাশের পরপরই আমার ফেসবুক হ্যাক হয়।’
এদিকে সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বুধবার ডিআরইউর দপ্তর সম্পাদক কাওসার আজম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সংবাদ প্রকাশের জেরে এর আগেও রাজারবাগ পীরপন্থিরা আমাদের সদস্যসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও হুমকি দিয়েছেন। পেশাদার সাংবাদিককদের বিরুদ্ধে এ ধরনের হুমকি, মামলা দেওয়া মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।