× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের ডাক দিল আদিবাসী পরিষদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৮:৪২ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৯:১০ পিএম

জাতীয় আদিবাসী পরিষদের তিন দশক পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন। প্রবা ফটো

জাতীয় আদিবাসী পরিষদের তিন দশক পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন। প্রবা ফটো

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্যচুক্তি বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। বুধবার (৩০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ এ ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসীদের জীবন যেন প্রতিশ্রুতি আর প্রতারণার জীবন। একের পর এক সরকার আসে সরকার যায় কিন্তু আদিবাসীদের বঞ্চনার অবসান হয় না। এখন পর্যন্ত আদিবাসীদের জীবনে স্বস্তি তো আসেই নি বরং শঙ্কা বেড়েছে।

কোন জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশে সুষম বিকাশ সম্ভব কিনা সেই প্রশ্ন তুলে তিনি বলেন, আদিবাসীদের ক্ষেত্রে উন্নয়নের প্রচার আর উচ্ছেদের আতংক কি একসঙ্গে চলতে পারে? আদিবাসীরা অধিকার বঞ্চিত হলে মানবাধিকার কি লঙ্ঘিত হবে না?

আদিবাসীদের জীবন ও জমি দুটোই সংকটে আছে মন্তব্য করে রবীন্দ্রনাথ সরেন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আদিবাসীদের উপর সাম্প্রদায়িক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আক্রমণ ক্রমাগত বাড়ছে। সাহেবগঞ্জ বাগদা ফার্ম, দিনাজপুরে স্বপ্নপুরি নামে ভূমি দখল, বগুড়ার শেরপুরে আদিবাসীদের ভূমি বেদখলের জন্য হামলা এবং বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে আদিবাসীদের বাড়িঘরে হামলা তার নিকৃষ্ট উদাহরণ। অন্যদিকে অর্থনৈতিক জোন, ইপিজেড, ইকো পার্ক করার নামে আদিবাসীদের ভূমি দখলের নানা পাঁয়তারা চলছে। চা বাগানের আদিবাসীরা উদ্বেগ ও আতংকের মধ্যে বাস করছে। এ সমস্ত কিছুই চলছে শাসক দলের প্রশ্রয়ে এবং প্রশাসনের সহায়তায়।

জাতীয় আদিবাসী পরিষদের ৫ দফা হল-


* আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃত দিতে হবে।

* সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে আদিবাসীদের চাকরি ও শিক্ষায় কোটা নিশ্চিত করতে হবে।

* গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচার করতে হবে, রাজশাহীর গোদাগাড়ীতে অভিনাথ মার্ডি ও রবি মার্ডি আত্মহত্যার জন্য দায়ীদের বিচার ও শাস্তির আওতায় আনতে হবে।

* আদিবাসীদের উপর হত্যা, নির্যাতন, ধর্ষণ, জমি দখল, লুটপাট, মিথ্যা মামলাসহ পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভূমি অফিসের ঘুষ দুর্নীতি হয়রানি বন্ধ করতে হবে।

* পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন,জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্ৰ হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং বাবু, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার সভাপতি রুঘুনাথ এক্কাসহ প্রমুখ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা