প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৩:৪৮ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২২ ১৩:৫০ পিএম
দেশের অন্তত ১৮ জেলা থেকে ৫৫ জন তরুণ নিরুদ্দেশ হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১০ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার ও মুখপাত্র খন্দকার আল মঈন।
তিনি বলেন, আমরা দেশের বিভিন্ন জেলায় ৫৫ জনের নিরুদ্দেশ হওয়া তরুণের তথ্য পেয়েছি। এদের মধ্যে ৩৮ জনের বিস্তারিত নাম ঠিকানা পেয়েছি। বাকিদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
তিনি জানিয়েছেন, এসব তরুণরা নতুন জঙ্গি সংগঠনের হয়ে হিজরতে রয়েছে। তারা যেকোন ধরণের নাশকতা করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
তিনি জানান, নিরুদ্দেশ হওয়া তরুণদের মধ্যে নারায়ণগঞ্জের ৪ জন, নেত্রকোনার ১ জন, নোয়াখালীর ১ জন, পটুয়াখালীর ৬ জন, ফরিদপুরের ২ জন, বরিশালের ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ার ১ জন, ময়মনসিংহের ১ জন, মাদারীপুরের ২ জন, সিলেটের ৭ জন, সুনামগঞ্জের ১ জন, কুমিল্লার ১৫ জন, খুলনার ১ জন, চাঁদপুরের ১ জন, ঝালকাঠির ২ জন, ঝিনাইদহের ১ জন, টাঙ্গাইলের ১ জন এবং ঢাকার ৪ জন আছেন।
প্রবা/আরএম/